সস্তায় বহনযোগ্য কোনো হার্ডডিস্ক কিনছেন? দুই টেরাবাইট তথ্যধারণ ক্ষমতার বহনযোগ্য হার্ডডিস্ক কেনার পর তাতে তথ্যধারণ ক্ষমতা দেখাতে পারে দুই গিগাবাইট। কারণ, এ ধরনের হার্ডড্রাইভের ভেতরে বসানো থাকতে পারে স্রেফ সাধারণ কোনো পেনড্রাইভ! সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং তা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনাও চলছে।
দেশের বাজারে বর্তমানে অনেক ধরনের ভুয়া হার্ডডিস্ক বিক্রি হচ্ছে বলেই দাবি করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটি এই বিষয়টিকে বলছে ‘রি-সার্টিফায়েড প্রতারণা’। হার্ডডিস্ক ক্রেতাদের ‘রি-সার্টিফায়েড’ সত্যায়ন দেখিয়ে ওয়েস্টার্ন ডিজিটাল (ডব্লিউডি) এর ভুয়া হার্ডডিস্ক বাজারে বিক্রি করায় সম্প্রতি এ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, কম্পিউটার সোর্স ডব্লিউডি হার্ডডিস্কের অনুমোদিত পরিবেশক।
কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন বাজারে মেয়াদ উত্তীর্ণ, পুরোনো, ব্যবহৃত ও ত্রুটিপূর্ণ হার্ডডিস্ক নতুন করে মোড়কজাত করে সাশ্রয়ী দামে বিক্রির প্রমাণ পাওয়ায় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়াও এ ধরনের ভুয়া হার্ডডিস্ক কিনে ক্রেতারা যাতে প্রতারিত না হন সে লক্ষ্যে প্রচার শুরু করেছে তারা। আসল ডব্লিউডি শনাক্ত করতে ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ‘বাই ৪৮’ হলোগ্রাফিক স্টিকার চালু করেছে।
দেশের বাজারে তোশিবা ও সিগেট ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজির হার্ডডিস্ক বিভাগের পণ্য ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, বাজারে এখন বর্তমানে ওয়েস্টার্ন ডিজিটাল, সিগেট ও তোশিবা এই তিনটি ব্র্যান্ড প্রচলিত আছে। অন্য ব্র্যান্ডগুলোর অস্তিত্ব নেই। বাজারে তাই অন্যান্য ব্র্যান্ডের পণ্যগুলো পুনঃ বাজারজাত করে বিক্রি করা হয়। এ ধরনের হার্ডড্রাইভের পারফরম্যান্স ভালো হয় না। মোড়ক যতই চকচকে হোক বিক্রির সময় ক্রেতাকে ঠকানো হয়।
কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (ডব্লিউডি) মেহেদী জামান প্রথম আলোকে বলেন, ডব্লিউডি ছাড়াও অনেক ভুয়া হার্ডডিস্ক এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। অনুমোদিত চ্যানেলের বাইরে আনা অনেক পণ্যও এখন বাজারে পাওয়া যায়। এসব পণ্যে সাধারণত ওয়ারেন্টি ও অনুমোদিত পরিবেশকের স্টিকার থাকে না।
আসল হার্ডডিস্ক কেনার ক্ষেত্রে মেহেদি জামানের পরামর্শ হচ্ছে, হার্ডডিস্ক কেনার আগে প্যাকেজিং যাচাই করে দেখুন। তুলনামূলকভাবে দামের বিষয়টি বিবেচনা করে হার্ডডিস্ক কিনুন। ওয়েস্টার্ন ডিজিটালের ৫০০ জিবি হার্ডডিস্কের দাম তিন হাজার ৫০০ থেকে তিন হাজার ৬০০ টাকা আর এক টেরাবাইট দাম চার হাজার ৩০০ টাকার মতো। যদি হার্ডডিস্ক বাজারে অনেক সাশ্রয়ী দামে পান তবে সেটি ভুয়া কিনা তা পরীক্ষা করে দেখুন। আসল হার্ডডিস্কের সঙ্গে অনুমোদিত বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর স্টিকার থাকে। পেছনে ‘রি-সার্টিফায়েড’ বা রিফার্বিস দেখা গেলে সেগুলো কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আসল হার্ডডিস্কে বিক্রয়োত্তর সেবা দেওয়া হয় যা ভুয়া হার্ডডিস্কের সঙ্গে থাকে না। এ ছাড়াও কিছুদিনের মধ্যে টোল ফ্রি নম্বর চালু করবে কম্পিউটার সোর্স। ওই নম্বরে কল দিয়ে পণ্য আসল না নকল তা জেনে নেওয়া যাবে|
মাহবুবুর রহমান বলেন, আসল হার্ডড্রাইভ কেনার আগে ওয়ারেন্টি স্টিকার ও অনুমোদিত পরিবেশকের স্টিকার দেখে পণ্য কিনুন।
তথ্য সূএঃ প্রথম আলো
0 comments:
Post a Comment