ফ্রি ইন্টারনেটে প্রাথমিকভাবে ২৫টি ওয়েবসাইট যুক্ত হলেও ধীরে ধীরে প্রয়োজনীয় আরও অনেকগুলো ওয়েবসাইট এতে যুক্ত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, এটা কেবল শুরু। আশা করি, অন্য অপারেটররাও ধীরে ধীরে আমাদের এ উদ্যোগে এগিয়ে আসবে।
বাংলাদেশে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি (www.internet.org) প্রকল্পের আওতায় গ্রাহকদের জন্য বিনা খরচের ইন্টারনেট সেবা এনেছে রবি।
এখন থেকে বিনা খরচে ২৫টি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন মোবাইল ফোন অপারেটর রবির ইন্টারনেট গ্রাহকরা। এর মধ্যে রয়েছে সরকারি তথ্যাবলি, চাকরির খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর, আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট।
রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই প্রকল্প উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধন অনুষ্ঠানে পলক বলেন, সরকার ফেসবুকের সঙ্গে একমত যে বর্তমান প্রেক্ষাপটে বিনামূল্যে ইন্টারনেট সেবা পওয়া একটি অধিকার। আজ একটি নতুন দিগন্ত উন্মোচিত হল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফ্রি ইন্টারনেট একটি জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হবে।
তিনি জানান, বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ। এ দেশে প্রতি ১২ সেকেন্ডে একজন ফেইসবুকে প্রোফাইল খুলছে, যা দেশের জন্মহারের চেয়েও বেশি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ২৫টি ওয়েবসাইট যুক্ত হলেও ধীরে ধীরে প্রয়োজনীয় আরও অনেকগুলো ওয়েবসাইট এতে যুক্ত হবে। এটা কেবল শুরু। আশা করি, অন্য অপারেটররাও ধীরে ধীরে আমাদের এ উদ্যোগে এগিয়ে আসবে।
ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইটের বিস্তারিত দেখা যাবে। অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে ঢোকা যাবে।
ওয়েস্টিন হোটেলের অনুষ্ঠানে ইন্টারনেট ডট ওআরজি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফেইসবুকের গ্লোবাল অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর মারকু মাকেলেইনেন।
তিনি বলেন, এ পদক্ষেপটির মাধ্যমে সাধারণ ইন্টারনেট সেবাগুলো গ্রহণের মাধ্যমে সবাই তাদের জীবনমান উন্নয়নের সুযোগ পাবেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, কোনো ডাটা প্যাক কেনা না থাকলে ইন্টারনেট ডট ওআরজি ব্যবহারের সময়ও গ্রাহক তার পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারবেন। যদি ডাটা প্যাক না থাকে এবং গ্রাহক কোনো প্যাকেজ না কিনে ভিডিও কন্টেন্ট দেখতে চান, তবে পে-পার-ইউজের ভিত্তিতে চার্জ প্রযোজ্য হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র চিফ এক্সিকিউটিভ অফিসার সুপুন বীরাসিংহে, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ প্রমুখ।
0 comments:
Post a Comment