যেকোনো প্রযুক্তি পণ্য নিয়েই মানুষের মধ্যে অনেক ধরণের ধারণা প্রচলিত রয়েছে। লোকমুখে যা একজনের কাছ থেকে ছড়িয়ে পড়ছে অনেকের কাছে। তবে এসকল প্রচলিত ধারণার কিছু সঠিক আবার কিছু আছে ভুল।
স্মার্টফোন নিয়েও এমন অনেক ভুল ধারণা আমাদের মাঝে প্রচলিত আছে। আজ এমনই কয়েকটি ভুল ধারণা সম্পর্কে আপনাদের অবহিত করা হবে-
মেগাপিক্সেল যত বেশি, ক্যামেরা তত ভাল
স্মার্টফোন কেনার সময় অনেকেরই প্রাধান্য থাকে ক্যামেরার দিকে, ক্যামেরাটা ভাল হওয়া চাই। আর অধিকাংশ ক্ষেত্রে ভাল ক্যামেরা যাচাই করার মানদন্ড হিসেবে বিবেচিত হয় ক্যামেরাটির মেগাপিক্সেল। তবে এই ধারনাটা একেবারেই ভুল। মেগাপিক্সেল বেশি হলে সেই ছবিটি বড় করে প্রিন্ট করতে সুবিধা হয়, এই যা। তবে ভাল ক্যামেরা চাইলে দেখে নিতে হবে এর সেন্সর কতটা ভাল কিংবা অ্যাপার্চার সাইজ কেমন, এই বিষয়গুলো।
প্রসেসরে কোর বেশি হলে স্মার্টফোনের পারফর্মেন্স বেশি ভাল হবে
এটিও একটি ভুল ধারণা। প্রসেসরের কোর পারফর্মেন্সের সাথে জড়িত হলেও পারফর্মেন্স শুধুমাত্র এই একটি বিষয়ের উপর নির্ভর করে না। এর পাশাপাশি প্রসেসরের আর্কিটেকচার, মাল্টিথ্রেড সাপোর্ট- এই ব্যাপারগুলোও জড়িত, আর র্যামের ব্যাপারটিতো আছেই। যেমন- কোয়ালকমের তৈরি কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ একটি স্মার্টফোনের পারফর্মেন্স মিডিয়াটেকের তৈরি অক্টা কোর প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোনের পারফর্মেন্সকে ছাড়িয়ে যেতে পারে।
ব্যাটারি ক্যাপাসিটি বেশি হলেই ব্যাটারি লাইফটাইম বেশি হবে
অনেকেই মনে করে থাকেন ব্যাটারির ক্যাপাসিটি বেশি হলেই সেই ব্যাটারির লাইফটাইম বেশি হবে। ব্যাপারটি পুরোপুরি ঠিক নয়। অনেক ক্ষেত্রে কম ক্যাপাসিটির ব্যাটারির ক্ষেত্রেও লাইফটাইম দীর্ঘ হতে পারে।
অটোমেটিক ব্রাইটনেস, লাইভ ওয়ালপেপার, ব্লুটুথ ব্যাটারি লাইফ কমিয়ে দেয়
এই ফিচারগুলো চালু রাখলে ব্যাটারি লাইফ কমে যায়, অনেকেই এই ধারণা পোষণ করেন। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, এই ফিচারগুলো ব্যাটারির লাইফটাইমের উপর খুব একটা প্রভাব ফেলে না। ক্ষেত্রে বিশেষে মাত্র ২ ভাগ ব্যাটারি লাইফ কমতে পারে।
ফোনের কাছে চুম্বক থাকলে সব ডেটা মুছে যাবে
ব্যাপারটি মোটেই তা নয়। স্মার্টফোনে ব্যবহার করা হয় ফ্ল্যাশ স্টোরেজ যা সলিড স্টেট টাইপের। এটি প্রচলিত হার্ডডিস্কের মত নয়। ফলে চুম্বকের কাছে থাকলেও ফোনের ডেটা মুছে যাওয়ার কোন ভয় নেই।
0 comments:
Post a Comment